‘দিগন্ত’ ইউনিয়নের পুনঃনামকরণের গণশুনানিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:২৮ পিএম
গণশুনানিতে জনগণের ব্যাপক উপস্থিতি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত ‘দিগন্ত’ ইউনিয়নের পুন:নামকরণে আয়োজিত গণশুনানিতে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফা গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গণশুনানিতে অংশগ্রহণকারীদের বেশিরভাগ রহবল ইউনিয়ন নামকরণের দাবি জানিয়েছেন। এর সপক্ষে তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেন। গণশুনানিতে অংশগ্রহণকারীরা বলেন, এলাকার ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতি ও জনমতের প্রতিফলন ঘটাতে নতুন ইউনিয়নের নাম ‘রহবল’ রাখা উচিত। এ দাবির প্রতি স্থানীয়দের ব্যাপক সমর্থন গণশুনানিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
দিগন্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি গত মঙ্গলবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোকামতলার ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এখানে ইউনিয়নের নতুন নাম ভরিয়া, পাকুরতলা, ভরিয়া পাকুরতলা এসেছে।
তিনি আরও বলেন, শুনানি পর্যাপ্ত না হওয়ায় দ্বিতীয় দফা গণশুনানির সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রহবল উচ্চ বিদ্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে শুনানিতে তিন হাজার ৬০০ জন অংশ নেন। এখানে রহবল, ভরিয়া, পাকুরতলা নাম এসেছে। তবে রহবল নামের সংখ্যা বেশি।
তিনি জানান, আগামী রোববার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ রিপোর্ট জমা দেবেন।
এদিকে মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইউনিয়নের নতুন নাম বেতগাড়ি, আলিয়ারহাট, রামকান্দি, মালোগাড়ি, গুপিনাথপুর, হরিপুর এবং গোরনা এসেছে। শুনানিতে ৪৫৪ জন অংশগ্রহণ করেন। তিনি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট জমা দিয়েছেন।
সীমান্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোকামতলার সৈয়দপুরে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে ইউনিয়নের নতুন নাম অভিরামপুর, জগন্নাথপুর, আমঝুপি, খেরুয়াপাড়া, হাজীর বাজার, মানকৈর এসেছে। শুনানিতে ৮২০ জন ইউনিয়নবাসী অংশ নেন। তিনি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণশুনানির রিপোর্ট জমা দিয়েছেন।
জানা যায়, সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নাম অনুসারে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আলাদা কমিটি গঠনের নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তিন ইউনিয়নের প্রশাসককে গণশুনানি কমিটির আহ্বায়ক করেন। সেই লক্ষ্যে মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চারটি স্থানে গণশুনানির আয়োজন করা হয়। যেখানে স্থানীয় বাসিন্দারা নতুন নামের বিষয়ে স্বতঃস্ফূর্ত মতামত দিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিনটি ইউনিয়নের জনগণ স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতির গুরুত্ব দিয়েই নতুন নামকরণ দাবি করেছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত শুধু সীমান্ত ইউনিয়নের গণশুনানির রিপোর্ট হাতে পেয়েছেন। দিগন্ত ও মীরবাড়ী ইউনিয়নের গণশুনানির ফলাফল হাতে পাওয়ার পর জেলা প্রশাসকের দপ্তরে জমা দেবেন। এ রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসক সীমান্ত, দিগন্ত ও মীরবাড়ী ইউনিয়নের নতুন নামকরণের গেজেট প্রকাশ করবেন।
