ফেনীতে পিকআপ-অটো সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে আরোহী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সম্পর্কে প্রতিনিধিদের পাঠানো খবর :
ফেনী : ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ সময় আরও দুইজন আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেনÑফুলগাজী সদর ইউনিয়নের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের নুরের ছফার স্ত্রী জাকিয়া আক্তার (৩৫) ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পরশুরাম থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আরও দুইজন আহত হন। তিনি আরও জানান, লাশ ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) : শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়ার আসিরাবাদ পুরাতন বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে আরোহী আবু হেনা রুবেল (৩২) নিহত হন। রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার দুই ভাই আহত হন। তারা উপজেলার কলাউজান সামমহাজন বাড়ির আজিজুন হক মনুর ছেলে।
স্বজনরা জানান, তিনভাই উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : শুক্রবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক মো. মহিউদ্দিন (৪২) নিহত হয়েছেন। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোডের হাজি নেছার আহমদের ছেলে মহিউদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসায়ী ছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মাদামবিবিরহাট এলাকায় মহিউদ্দিনের মোটরসাইকেলকে ঢাকামুখী মাইক্রোবাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে ও পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
