Logo
Logo
×
   

সারাদেশ

মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ করে হত্যা, চাচার মৃত্যুদণ্ড

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ করে হত্যা, চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে অপহরণ করে হত্যা এবং লাশ গুমের ঘটনায় চাচা নুরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুরনবী গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুর উপজেলার নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন তার চাচা নুরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর আরাফের দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরদিন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আরাফের লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, মামলার তদন্ত শেষে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .