নন্দীগ্রামে ভটভটি উলটে ২ জন নিহত
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উলটে গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেন নন্দীগ্রামের কুমিরা পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিরুল ইসলাম। এর আগে শনিবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার থালতা ভগবান বাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে গরুর ব্যবসায়ী আকতারুল ইসলাম (৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজাম উদ্দিনের ছেলে সাইকেল আরোহী শফিকুল ইসলাম (৭০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে সাতজন ব্যবসায়ী জয়পুরহাট থেকে ভটভটিতে গরু নিয়ে সিংড়ার দিকে ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যার দিকে ভটভটিটি বগুড়ার নন্দীগ্রামের থালতা ভগবান বাজার স্ট্যান্ডে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পাশ দিয়ে সাইকেলে শফিকুল ইসলাম যাচ্ছিলেন।
ভটভটির নিয়ন্ত্রণ হারানো দেখে তিনিও সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ভটভটিটি উলটে গেলে সাইকেলটি এর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা গরুর ব্যবসায়ী আকতারুল ইসলাম ও সাইকেল আরোহী শফিকুল ইসলামের মৃত্যু হয়।
এসআই আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা হয়েছে।
