অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় বৃদ্ধ লতিফ সরদার
জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
লতিফ সরদার
|
ফলো করুন |
|
|---|---|
বৃদ্ধের নাম লতিফ সরদার, এনআইডি কার্ড অনুযায়ী বয়স ৬৪। তবে বাস্তবতায় বয়স আরও বেশি হবে। অর্থ-সম্পদ কিছুই নেই। আছে চরভরাটে জায়গায় এক-দেড় শতক জমির উপর একটি ভাঙাঘর।
অসহায় লতিফ সরদারের পরিবারের কী করুণ অবস্থা, তা বাস্তবে না দেখলে বলে শেষ করা কঠিন। খুলনার পাইকগাছার মৃত রজত সরদারের ছেলে তিনি। দীর্ঘদিন যাবত সমস্থ শরীরে গুটা গুটা আব বয়ে বেড়াচ্ছেন। এরপর ৬ বছর ধরে প্যারালাইজড। চিকিৎসার অভাবে বারান্দায় পড়ে আছেন। কখনো অর্ধহারে, কখনো আবার অনাহারে কাটে তার দিন। একমাত্র স্ত্রী ফজিলা বেগম তাকে সেবা-শুশ্রূষা করেন।
অসুস্থ লতিফ সরদার নিজে কোনোভাবে নড়াচড়া করতে পারেন না। তবে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যা পান তাই দিয়ে চলে দুজনের সংসার।
ফজিলা বেগম বলেন, স্বামীকে চিকিৎসা করাব; কিন্তু কিছুই তো নেই। এছাড়া চেয়ারম্যান মেম্বারদের কাছে কোনো কার্ডের কথা বললে ৫-৭ হাজার টাকা ছাড়া কিছু হবে না। কোথায় পাব এত টাকা? টাকা নেই, তাই সরকারি কোনো কিছু কপালে নেই।
অসুস্থ লতিফ সরদারের নিকটাত্মীয় ও পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহাব বলেন, তিনি মাঝে-মধ্যে কিছুটা আর্থিক সহায়তা দিয়ে আসছেন।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বলেন, এ নামে ওখানে কেউ আছে কিনা তা তিনি জানেন না।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীকে অবহিত করা হলে তিনি বলেন, সমাজসেবা অফিসের মাধ্যমে কিছু ব্যবস্থা নেওয়া হবে।
