মাছের ড্রামে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মাছের ড্রামে করে পাচারের চেষ্টা করা অর্ধকোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৮ জুলাই) সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব শাড়ি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সের ভিতরে মাছের ড্রামের উপরে বরফ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৪২২ পিস শাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের প্রক্রিয়া চলছে।
