Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সরকারি কর্মকর্তাকে পেটানোর হুমকি, সেই যুবদল নেতা বহিষ্কার

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

সরকারি কর্মকর্তাকে পেটানোর হুমকি, সেই যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা নয়নুজ্জামান মুন্সী নয়ন। ছবি: সংগৃহীত

Advertisement

২০০ জনের কৃষি প্রণোদনা দাবির পর না পেয়ে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ায় মাগুরার শালিখা উপজেলা যুবদল সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সী নয়নকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। 

দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার এবং তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যেও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, একজন সরকারি কর্মকর্তাকে মোবাইলে হুমকি দেওয়ার ঘটনা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। 

উল্লেখ, গত ১ জুলাই শালিখা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায়কে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নের বিরুদ্ধে। নয়ন ওই কর্মকর্তার কাছে ২শ’ জনের কৃষি প্রণোদনার দাবি করে একটি তালিকা দেন। কিন্তু তার দেওয়া তালিকা থেকে দেড়শ জনের নাম নির্বাচন করা হয়। এ ঘটনায় নয়ন ক্ষুব্ধ হয়ে কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শনিবার তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম