বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে জ্যেষ্ঠ সাংবাদিক, অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জস্থ ‘বাংলা রেস্টুরেন্টে' এ শোক ও স্মরণসভার আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক এন এ মুরাদের সঞ্চালনায় স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাই মরহুমের স্মৃতিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
স্মরণসভায় উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অধ্যক্ষ সহিদুল হকের কর্মময় বর্ণাঢ্য জীবন, শিক্ষাকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৯৭১ সালের রণাঙ্গনে তার বীরত্বপূর্ণ ভূমিকা।
বক্তারা বলেন, অধ্যক্ষ সহিদুল হক কেবল একজন সাংবাদিক বা শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন মুরাদনগরের আলোর দিশারী। ক্লাসরুমে শিক্ষার আলো ছড়ানো, কলমের ধারে সত্যের বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ বয়সে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা, সবখানেই তিনি অনন্য ছাপ রেখে গেছেন। তার প্রয়াণে এলাকার বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, পুলিশ সুপার ও মরহুমের সন্তান নাইমুল হক (নিপু), সুপ্রীম কোর্টের আইনজীবী নোমানুল হক, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহাম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান আরিফ, সাংবাদিক মোহাম্মদ আলী, এনটিভির প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তহিদুর রহমান (টিটু), এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাংগরা প্রেস ক্লাবের হাফেজ নজরুল এবং সাংবাদিক মিজান খাঁন প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই ব্যক্তি। শ্রদ্ধা ও স্মৃতিচারণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. নুরুল ইসলাম। এতে উপস্থিত সহকর্মী, সুধীজন ও স্বজনেরা অশ্রুসজল চোখে অংশ নেন।
