শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছাড়ার প্রতিবাদ করায় হামলা, যুবক নিহত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছাড়ার প্রতিবাদ করায় হামলায় মো. ওবায়দুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
রোববার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুলের ভাই মো. শহীদুল বলেন,বাড়ির শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছাড়াকে কেন্দ্র করে ওবায়দুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বাগবিতণ্ডা হয় । একপর্যায়ে কাঠের বাটামের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, চাচাদের বাড়ির শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি ছাড়ার পর প্রতিবাদ করায় সবাই মিলে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমরিন খসরু বলেন, ওবায়দুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
