Logo
Logo
×
   

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুরে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মণ্ডল (৪৬) নামে এক প্রতিবেশীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবদুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলম মণ্ডল জেলার আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মণ্ডলের ছেলে। এ রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আলম মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রী (১৩) ক্লাশ শেষে বাড়ি ফেরে। ঘরে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মণ্ডল পেছন থেকে তাকে জাপটে ধরে এবং খাটের উপর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক আলম পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার দুই দিন পর ১১ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ শুনানিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত সোমবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজ আলী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আলী বলেন, এ রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .