মাস না যেতেই ধস পড়ল সোয়া কোটি টাকার প্রকল্প
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
মাস না যেতেই ধস পড়ল সোয়া কোটি টাকার প্রকল্প। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নির্মাণকাজ শেষ হওয়ার এক মাসও পার হয়নি। এরই মধ্যে ধসে পড়েছে মানিকগঞ্জ পৌরসভার সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত পুকুরপাড়ের প্যালাসাইডিং। টানা তিনদিনের বৃষ্টিতেই ধসের ঘটনায় প্রায় সোয়া কোটি টাকার প্রকল্পটির নকশা, নির্মাণমান ও তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
আরও বিস্ময়কর বিষয় হলো, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিই দাবি করেছেন, শুরু থেকেই প্রকল্পের নকশায় ত্রুটি ছিল।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল সড়ক থেকে সিআরপি এবং একই সড়কের ব্র্যাক অফিস থেকে পোস্ট অফিস পর্যন্ত ৪৪৫ মিটার ড্রেনসহ সড়ক সংস্কারের কাজ চলছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া কোটি টাকা। এর মধ্যে ব্র্যাক অফিস থেকে পোস্ট অফিস পর্যন্ত অংশে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রিজার্ভ ট্যাংক পুকুরের পাড় রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ করা হয়। গত মাসে কাজ শেষ হলেও সাম্প্রতিক টানা বৃষ্টিতে পুকুরের দক্ষিণ পাশের মাটিসহ প্যালাসাইডিংয়ের একটি বড় অংশ ধসে পড়ে। অপর পাশেও ফাটল ও ঝুঁকির চিহ্ন দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ধসে পড়া অংশে মাটি সরে গিয়ে প্যালাসাইডিং নিচে নেমে গেছে। এতে সড়কের স্থায়িত্ব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এতো অল্প সময়ে একটি নতুন নির্মাণ ভেঙে পড়া স্বাভাবিক নয়। এটি নির্মাণকাজের মান এবং প্রকল্প বাস্তবায়নের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে এমএ ইঞ্জিনিয়ারিং ও মোস্তাফিজুর রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ডিজাইন অনুযায়ী ১০ ফুট দৈর্ঘ্যের পাইল বসানো হয়েছে। কিন্তু এই স্থানের মাটির প্রকৃতি অনুযায়ী অন্তত ২০ ফুট পাইল প্রয়োজন ছিল। ডিজাইনের সীমাবদ্ধতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।
এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল বাতেন যুগান্তরকে বলেন, অতিবৃষ্টির কারণে প্যালাসাইডিং ধসে পড়েছে। তদন্তে কোনো ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রকৌশল সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নকশা, পর্যাপ্ত গভীরতায় পাইল স্থাপন এবং মানসম্মত নির্মাণ নিশ্চিত করা হলে কয়েক দিনের বৃষ্টিতে একটি নতুন প্যালাসাইডিং ধসে পড়ার কথা নয়।
স্থানীয়দের দাবি, ঘটনার দায় নির্ধারণে একটি নিরপেক্ষ কারিগরি তদন্ত কমিটি গঠন করে নকশা, নির্মাণমান ও তদারকির প্রতিটি ধাপ খতিয়ে দেখা হোক।
