বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুযোগে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ওসি মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এ সুযোগে আতিকুর রহমান কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, এ ঘটনায় তারা চরম মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা সম্পর্কে জেনেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
