‘পরকীয়া প্রেমিককে’ শ্বশুরবাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগ, আটক ১
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
মারুফ মাতুব্বর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমিককে শ্বশুরবাড়িতে ডেকে এনে কাপড়ের ইস্ত্রি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে।
বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফুলতলা কাশিমপুর নয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মাতুব্বর (২৬) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের হায়দার মাতুব্বরের ছেলে।
ঘটনায় লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। লিজা নয়াকান্দা গ্রামের মৃত কুটি মিয়া মাতুব্বরের ছেলে, কুয়েতপ্রবাসী কামরুল মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফের সঙ্গে লিজা আক্তারের ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে চার বছর আগে কুয়েতপ্রবাসী কামরুল মাতুব্বরের সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কামরুল কুয়েতে চলে যান। এদিকে, ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অবস্থান করা মারুফ প্রায় এক মাস আগে দেশে ফেরেন। এরপর মারুফ ও লিজার মধ্যে আবারও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, বুধবার রাতে লিজা মারুফকে তার স্বামীর বাড়িতে ডেকে আনেন। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে লিজা কাপড়ের ইস্ত্রি দিয়ে মারুফের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। পরে লাশ গোপন করার উদ্দেশ্যে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং লিজা আক্তারকে আটক করে।
নিহত মারুফের বাবা হায়দার মাতুব্বর বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
