খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি
যুবককে গুলি করে হত্যা
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দুজনকে গুলি করে হত্যা দেখল খুলনা মহানগর। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে তুষার নামে এক যুবক হত্যার শিকার হন। সন্ধ্যা পৌনে ৭টায় নগরীর লবণচরায় জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে খুশি বেগম (২৫) নামের এক নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মায়ের সামনেই তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
পুলিশের তথ্যমতে, তুষার খুলনা কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। খুশি বউবাজারের বাসিন্দা সুমন সরদারের স্ত্রী। সুমন এলাকায় ‘ব্লেড বাবু’ হিসাবে পরিচিত। মাদক নিয়ে বিরোধে এ দুই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খুশি বেগমের মায়ের ভাষ্য, ঘটনার সময় তিনি বাড়ির সামনে ছিলেন। তখন এক যুবক তাদের কাছে এসে কেমন আছেন জিজ্ঞেস করেন। এরপর তার সামনেই তার মেয়ের মাথায় গুলি করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, মাদক নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে। প্রথমে তাকে মাথায় গুলি করে। এতে তিনি পড়ে গেলে এলোপাতাড়ি কোপানো হয়।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, মাদকসংক্রান্ত বিরোধে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়ে। এতে তুষারের পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থলের কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
