স্ত্রী চলে যাওয়ায় রাগে নয়নীকে খুন করেন রবিউল
Advertisement
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
একসঙ্গে ঢালাই কাজে হেলপার হিসেবে কাজ করতেন রবিউল ও নয়নী রাজবংশী। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পান রবিউলের স্ত্রী। এতে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে বাবার বাড়ি চলে যান রবিউলের স্ত্রী। পরে স্ত্রী ফিরে না আসায় রাগে নয়নী রাজবংশীকে হত্যা করেন রবিউল।
টাঙ্গাইলের মির্জাপুরে নয়নী রাজবংশীর (৫৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে লৌহজং নদীর মির্জাপুর পৌর এলাকার আন্ধরা গ্রামের কাদের মিয়ার বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নয়নী রাজবংশী আন্ধরা গ্রামের মরণ রাজবংশীর স্ত্রী। এ ঘটনায় পুষ্টকামুরী গ্রামের মোজাফ্ফর মিয়ার ছেলে রবিউল মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিউল ও নয়নী রাজবংশী একসঙ্গে ঢালাই কাজে হেলপার হিসেবে কাজ করতেন। এতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। রবিউল মাঝে মধ্যে নয়নী রাজবংশীর বাড়িতে যেতেন। বিষয়টি রবিউলের স্ত্রী ভালোভাবে নেননি। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকত। গত কুরবানির ঈদের আগের দিন রবিউলের স্ত্রী বাবার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটী গ্রামে চলে যান। এরপর তিনি আর স্বামীর বাড়িতে ফেরেননি।
এতে রবিউল নয়নী রাজবংশীর ওপর ক্ষুব্ধ হন এবং হত্যার সুযোগ খুঁজতে থাকেন। গত ২১ জুলাই রাত ১১টার দিকে রবিউল নয়নীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে নয়নীকে নিয়ে পুষ্টকামুরী দক্ষিণপাড়ায় নিয়ে আসেন। রবিউলের সঙ্গে নয়নীকে রাস্তা দিয়ে হেঁটে আসতে অনেকেই দেখেন। রাতে এবং পরের দিন নয়নী বাড়িতে না ফেরায় মেয়ে টুম্পা রাজবংশী (৩০) রবিউলকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
পরে পুলিশ রবিউলকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, নয়নীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে- এমন সন্দেহে তার স্ত্রী চলে যায়। এই রাগে রবিউল কৌশলে নয়নীকে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যার পর কাদের মিয়ার বাড়ির পাশে লৌহজং নদীতে ঝোপের মধ্যে ফেলে দেন।
পরে রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত দেড়টার দিকে নয়নী রাজবংশীর লাশ উদ্ধার করে পুলিশ।
মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল জানান, রবিউলের স্ত্রী ঝগড়া করে চলে যাওয়ায় রাগে নয়নীকে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রবিউল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজং নদীর পার থেকে নয়নী রাজবংশীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রবিউলকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
