মানিকগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ফলভর্তি ভ্যান নিয়ে শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন ব্যবসায়ী শুকুর আলী (৫০); কিন্তু সেই যাত্রাই হলো জীবনের শেষ যাত্রা। ঢাকা-আরিচা মহাসড়কে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর কাঁচামালের আড়তের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। এ সময় চালক মিরাজ (২৪) ও হেলপার ইমদাদুলকে (২৬) আটক করা হয়েছে।
নিহত শুকুর আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহানবক্সের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভাটবাউর কাঁচামালের আড়তে ফলের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো সেদিনও ভ্যানে ফল নিয়ে মানিকগঞ্জ শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় মুন্সীগঞ্জগামী সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান তার ফলভর্তি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ওসি সেলিম মাতুব্বর বলেন, ভ্যান নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

