আইনজীবীদের হামলায় ৭ জন আহতের ঘটনায় মানববন্ধন
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতিতে একটি সালিশে বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে আইনজীবীদের হামলা ও নির্যাতনে শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ভুক্তভোগী কয়েকটি পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মে বিকালে একটি সালিশকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এ সময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাদের সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এমনকি উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মারধর করে উল্টো আইনজীবীরাই মামলা করেছে। গত প্রায় আড়াই মাস ধরে তারা কারাগারে থাকলেও জামিনে বাধা দিচ্ছেন আইনজীবীরা। অথচ তাদের মধ্যে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
