মানিকগঞ্জে ফের ছাত্রলীগের মিছিল
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম
ভিডিও থেকে সংগৃহীত।
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে ২০ থেকে ২৫ জন অংশ নিলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া-নয়াডিঙ্গী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সামাজিক মাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন।
জানা গেছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের এটি একাধিক ঝটিকা মিছিলের ধারাবাহিকতার অংশ। প্রথম মিছিলটি হয় গত বছরের ১৮ মার্চ শহরের নবগ্রাম এলাকায়। এরপর ১৫ জুন সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় দ্বিতীয় এবং ২ জুলাই একই এলাকায় তৃতীয় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ যুগান্তরকে বলেন, ছাত্রলীগ গুপ্ত অবস্থায় মিছিল করে পালিয়ে গেছে। খবর পেয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করার উদ্যোগ নেওয়া হয়। তবে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানবেন্দ্র বালো যুগান্তরকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমরা জেনেছি। তাদের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
