বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ৬ অটোরিকশা, প্রাণ গেল দুজনের
Advertisement
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের আনোয়ারায় বেপরোয়া গতির যাত্রীবাহী এক বাসের ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে পলি ও ইফা নামে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)। পলি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বার বাড়ির বাসিন্দা। তার স্বামী কাজল দত্ত এবং তিনি দুই সন্তানের মা। অন্যদিকে ইফা একই এলাকার শিমুল শীলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটি টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। এতে অটোরিকশাগুলো দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। দোকানিও আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। আহত বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
