দিনদুপুরে সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ডাকাত নিহত
Advertisement
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার হয়ে শুকুর আলী (২৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ সময় ডাকাত দলের ৫-৬ জন সদস্য পিকআপ নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামকস্থানে নির্মাণাধীন রুট অপারেশনাল ইউনিট নামে সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার হয়ে তার মৃত্যু হয়।
এর আগে ডাকাত সদস্যরা প্রতিষ্ঠানটির খোকন শেখ নামের এক নিরাপত্তা প্রহরীকে বেদম মারপিট করলে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার মাথায় কয়েকটি সেলাই দেন। তিনি সিরাজগঞ্জের মৃত সোনাউল্লাহর ছেলে বলে জানা গেছে।
নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরে শুকুর আলীসহ ডাকাত দলের ৬-৭ জন সদস্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে নির্মাণাধীন রুট অপারেশনাল ইউনিট নামের প্রতিষ্ঠানে আসে। সেখানে প্রতিষ্ঠানটিতে কর্মরত খোকন শেখ নামের এক নিরাপত্তা প্রহরীকে ডাকাত সদস্যরা বেদম মারপিট করে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ডাকাত সদস্য শুকুর আলীকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজনদের আসতে দেখে ডাকাত দলের ৫-৬ সদস্য পিকআপ নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
কাটরা গ্রামের ব্যবসায়ী আকবর হোসেন জানান, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে নাতিদের সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সরকারি প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা প্রহরীকে মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এছাড়া পাশেই অন্য একজনকে পড়ে থাকতে দেখে বাড়ি চলে আসি।
জামুর্কীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, খোকন শেখ নামে এক ব্যক্তির মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
মির্জাপুর থানার এসআই মো. রমিজ রায়হান বলেন, ঘটনাস্থল থেকে গণধোলাইয়ের শিকার শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এছাড়া প্রতিষ্ঠানটির এক নিরাপত্তা প্রহরী জামুর্কী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুকুর আলীর নামে চারটি চুরির মামলা রয়েছে।
আজকের ঘটনাটি চুরি না ডাকাতি জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
