বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের দংশনে আজাদুল ইসলাম (ঘুটু) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আসাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সাপের খেলা দেখানোসহ বাড়ি বাড়ি গিয়ে চুক্তি অনুযায়ী সাপ ধরে বিক্রি করতেন।
কোচাশহর ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে গ্রামবাংলার ঐহিত্যবাহী পাতা খেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে সোমবার বিকালে আজাদুল ইসলাম কোচাশহর এলাকার একটি বাড়ির গর্ত থেকে একটি বিষধর সাপ ধরে আনেন। পরে পাতা খেলায় প্রদর্শনের জন্য সাপটিকে হাতে নিয়ে বিকালে প্রশিক্ষণ দিচ্ছিলেন। একপর্যায়ে হঠাৎ সাপটি সাপুড়িয়াকে দংশন করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাপুড়িয়ার শরীর থেকে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিব-সমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে সোমবার রাতে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামাণিক জানান, রোগীকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার সাপুড়িয়ার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।
