টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় কিশোর ও গৃহবধূর কাণ্ড
Advertisement
গাইবান্ধা ও সাঘাটা প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
সাঘাটা থানা
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার পূর্ব রাঘবপুর গ্রামে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক কিশোর ও এক সন্তানের জননীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিকটকে পরিচয়ের সূত্র ধরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা সম্পর্ক মেনে না নেওয়ায় তারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিস্তারিত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়সের বড় ব্যবধান এবং গৃহবধূর সংসার ও সন্তান থাকার বিষয়টি নিয়ে তাদের সম্পর্ক এলাকায় আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্পর্কের একপর্যায়ে গত রোববার ওই গৃহবধূ বিয়ের দাবিতে কিশোরের বাড়িতে অবস্থান নেন। তবে পরিবারের সদস্যরা তাদের এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র অস্বস্তি ও টানাপোড়েন তৈরি হয়।
পরিবারের আপত্তির মুখে সোমবার ওই কিশোর ও গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার কিছুক্ষণের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।
মৃত্যুর পর কিশোরের লাশ স্বজনরা হাসপাতাল থেকে কৌশলে বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে গৃহবধূর লাশ হাসপাতালেই ছিল। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ পূর্ব রাঘবপুর গ্রামের বাড়ি থেকে কিশোরের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
