বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইটভাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ!
Advertisement
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে এক সন্তানের জননী (২১) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকায় একটি ইটভাটার পরিত্যক্ত স্থানে এ ঘটনা ঘটে বলে থানা সূত্রে জানা গেছে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাঘাটা উপজেলার বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন। পথে বোনারপাড়ায় পৌঁছলে তার ভগিনীপতির পরিচিত বোনারপাড়া হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকতের (২৮) সঙ্গে তার কথা হয়। সৈকত তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলেন। পরে তাকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিমও (২০) সঙ্গে ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে ওই পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে নিয়ে দুই যুবক তাকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দুই যুবককে ধরে পুলিশে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদের আটক করে সাঘাটা থানায় নিয়ে যান।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
