একসঙ্গে দুই সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা
Advertisement
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই সন্তান হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ভাইকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। সন্তানদের চিৎকার শুনে তাদের মা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালে তিনিও সামান্য আহত হন।
পরে তাদের বাবাসহ স্থানীয়রা ছুটে এসে শিশুদের উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। দুই অবুঝ শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, মিটারের সঙ্গে ফ্রিজের সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এটি পল্লী বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের কারণে ঘটেনি।
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমেঈ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
