‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, আমি এমপি হবো—এমনটা কখনো ভাবিনি। বিএনপির একজন কর্মী হিসেবে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কাজের মূল্যায়ন করে আমাকে দল থেকে মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন। আর আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসম্পৃক্ততামূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে উপজেলার চরআলগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি আরও বলেন, গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলাকে আলোকিত করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি। গত আট মাসে এ অঞ্চলে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে প্রায় তিনশ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব উন্নয়ন কাজ চলমান রয়েছে।
চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলাল আহমেদ মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, বিএনপি নেতা একেএম আনসার উদ্দিন, মো. ফজলুল হক, আব্দুস সালাম ও শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
