২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার
Advertisement
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
মায়ের কোলে ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই লাখ টাকায় ১৩ মাসের সন্তানকে বিক্রি করার ঘটনায় মায়ের দায়ের করা মামলায় সেই শিশুকে উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরাট গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে নাঈম তার শিশু সন্তান মোজাহিদকে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর যুগান্তরে সংবাদ প্রকাশের পর শিশুর মা রোজিনা বেগম বিষয়টি জানতে পারেন।
শিশুটির মা জানান, আবেদ মোল্লার কাছে তার পাষণ্ড স্বামী নাঈম শিশুটিকে বিক্রি করে দেয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজ শিশুর খোঁজ নিতে ঢাকা থেকে ঈশ্বরগঞ্জের মাইজহাটি সুতিভরাট গ্রামে এসে তার সন্তান বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ রোজিনা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালায়।
পরে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দোহার থানার হরিচন্ডি চর মাহমুদপুর গ্রামের আবেদ মোল্লার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ওই গ্রামের হাসেম মোল্লার ছেলে আবেদ মোল্লা (৩৫), তার স্ত্রী শিখা (৩৫), ঈশ্বরগঞ্জের মাইজহাটি সুতিভরাট গ্রামের উজ্জ্বল মিয়া (৫০), তার স্ত্রী আয়শা খাতুন (৪৫) ও উচাখিলা গ্রামের শরীফা খাতুনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ।
ওসি সাজ্জাদ রোমন জানান, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের মামলায় দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধারসহ গ্রেফতারদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।

