২ লাখ টাকায় সন্তান বিক্রির অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাসের শিশু মোজাহিদকে ২ লাখ টাকায় বিক্রি করার অভিযোগে স্বামী নাঈমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্ত্রী রোজিনা বেগম।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরট গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
রোজিনা ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার শিশু মোজাহিদ বিক্রি হয়েছে- এমন খবর শুনে তার মা রোজিনা বেগম ঢাকা থেকে স্বামীর বাড়ি এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হন। পরে তিনি স্বামীসহ ৬ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রোজিনা (২১) জানান, ২ বছর আগে নাঈমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাঈম তাকে নির্যাতন করত। গত ৫ মাস আগে তাকে মারধর করে শিশুসন্তানকে রেখে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করছেন। কোলের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে স্বামীসহ জড়িতদের বিচার দাবি করেন রোজিনা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, ঘটনাটি তদন্তে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
