জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মক্তবে ৯ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও সংগ্রামখেলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলি গ্রামের কোনাপাড়া জামে মসজিদের মক্তবে অন্য শিশুদের সঙ্গে আরবি পড়তে যায় শিশুটি। পড়া শেষে অন্যদের ছুটি দিলেও হেলাল উদ্দিন কৌশলে শিশুটিকে আটকে রেখে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয়। একপর্যায়ে শিশুটি সেখান থেকে পালিয়ে বাড়ি গিয়ে স্বজনদের বিষয়টি জানায়।
ঘটনার পর শিশুটির পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পায়নি বলে জানা গেছে। তিন দিন পর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত হেলাল উদ্দিন পলাতক রয়েছেন।
অভিযোগের বিষয়ে হেলাল উদ্দিন বলেন, জমিজমা ও ডিপটিউবওয়েল-সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল। ওই টাকা না দেওয়ায় তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, সংগ্রামখেলি গ্রামে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
