হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারীতে আবদুন নুর তুষার (২২) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গত মঙ্গলবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, রিকশা ছিনতাইয়ের সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তুষার বায়েজিদ থানাধীন মধ্যম কুলগাঁও ওয়াজিদ বাপের বাড়ির সামশুল আলমের ছেলে। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে স্থানীয়রা সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা সামশুল আলম বলেন, গত মঙ্গলবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তার ছেলে আর ফেরেনি। ছেলেকে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, তুষার ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে।
