Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ সিটি

বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

Icon

আতাউল করিম খোকন, ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

Advertisement

আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে বইছে আগাম নির্বাচনি হাওয়া। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা না করলেও নগরীর প্রধান রাজনৈতিক দলগুলোর কার্যালয়, সামাজিক সংগঠন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। 

ময়মনসিংহে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে হেভিওয়েট অনেক নেতা মেয়র প্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন পর প্রকাশ্য নির্বাচনে অংশ নেওয়ার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিতে যোগ্য প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতা তুঙ্গে। তবে দলের অভ্যন্তরে হেভিওয়েট একাধিক নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছে।

এর মধ্যে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বর্তমান সিটি প্রশাসক মোহাম্মদ রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এমএ হান্নান খান, মহানগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক শাহ শিব্বির আহাম্মদ বুলু। আর একক প্রার্থী হিসেবে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার অনেকটা নির্ভার।

ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকনকে ঘিরে স্থানীয় রাজনীতি ও সাধারণ নগরবাসীর মধ্যে নতুন কৌতূহল ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমান প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি নগরকে আধুনিক ও তিলোত্তমা সিটিতে রূপান্তরের বিভিন্ন রূপরেখা সামনে আনছেন। তিনি দলটির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

রুকুনোজ্জামান রোকন বলেন, দল যদি আমাকে মেয়র পদে নিবার্চন করতে বলে অবশ্যই নির্বাচন করব এবং নগরবাসীর সেবা নিশ্চিত করার জন্য সবাইকে নিয়ে আন্তরিকভাবে কাজ করব।

তিনি আরও বলেন, আমি নগর পিতা হতে চাই না, নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জোনভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নগরীকে প্লাস্টিক ও দূষণমুক্ত করার লক্ষ্যে নাগরিকদের অংশগ্রহণে ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সিটি করপোরেশনের সেবাসমূহ পায় তা নিশ্চিত করতে ডিজিটাল সেবা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে বর্ষাকালে নগরীর জলজট দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তিনি জোর দিচ্ছেন।

বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী প্রার্থী এনামুল হক আকন্দ লিটন। তিনি বিএনপির একজন অন্যতম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতিতে পরিচিত। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি জেলা ও মহানগর  বিএনপি নেতা হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি একাধিকবার গ্রেফতার ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি মহানগর ও সদর এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার নিয়মিত অংশগ্রহণ রয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তাকে আগামী সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার জোরালো দাবি রয়েছে।

এনামুল হক আকন্দ লিটন বলেন, দলের সিদ্ধান্তে ইতিবাচক সাড়া পেলে এবং বিএনপি থেকে আমাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচনি মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন। 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী মনোনয়ন প্রত্যাশা করে বলেন, দল যদি আমাকে সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেয় তাহলে সবার সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।

আরেক মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমএ হান্নান খান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তরুণ নেতাকর্মী ও দলীয় সমর্থকদের মাঝে তার সক্রিয় যোগাযোগ তৈরি হয়েছে। তিনি ময়মনসিংহকে সবুজ নগরী গড়ার লক্ষ্যে দীর্ঘদিন যাবত বৃক্ষরোপণ করে যাচ্ছেন।

বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের মতে, প্রার্থী একাধিক হলেও শেষ পর্যন্ত হাইকমান্ড যাকে সবুজ সংকেত দেবে, তাকে কেন্দ্র করেই ভোটের মাঠে নামবেন নেতাকর্মীরা।

অন্যদিকে স্থানীয় রাজনীতির মাঠে নিজেদের অবস্থান সুসংগঠিত রাখতে এবং ভোটের হিসাব কষতে জামায়াতে ইসলামী একক প্রার্থী নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন। মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার বলেন, ময়মনসিংহবাসীর প্রধান সমস্যাগুলোর মধ্যে যানজট, জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, সড়ক ও ফুটপাতের দুরবস্থা, পর্যাপ্ত সড়কবাতির অভাব এবং নাগরিক সেবায় সমন্বয়ের ঘাটতি উল্লেখযোগ্য। এসব সমস্যা বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রতিটি ওয়ার্ডের সমস্যা আলাদাভাবে চিহ্নিত করে রাস্তা, ড্রেনেজ, বর্জ্য, আলো, পানি, স্বাস্থ্য, শিক্ষা, খেলার মাঠ ও বিনোদনসহ সব ক্ষেত্রে প্রয়োজনভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি ময়মনসিংহ চাই, যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত, সেবা হবে সহজলভ্য, পরিবেশ হবে পরিচ্ছন্ন, চলাচল হবে নিরাপদ এবং প্রতিটি ওয়ার্ড পাবে সমান গুরুত্ব।

নাগরিক সমাজের প্রত্যাশা, যারা প্রতিশ্রুতি বাস্তবায়নে বাস্তবমুখী রূপরেখা দেবেন এবং স্থানীয় সমস্যা সমাধানের স্বচ্ছ পরিকল্পনা দেখাবেন, তাদের দিকেই ঝুঁকবেন তরুণ ভোটাররা।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫২ জন, মহিলা ভোটার আছে ১ লাখ ৮৪ হাজার ৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে ১৩ মাসের সন্তান বিক্রির অভিযোগ

নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে ১৩ মাসের সন্তান বিক্রির অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

শিশুদের নোবেলখ্যাত পুরস্কারের তালিকায় সিলেটের আরাফ

শিশুদের নোবেলখ্যাত পুরস্কারের তালিকায় সিলেটের আরাফ

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম