খালের ঘাটের ওপর দোকান বরাদ্দ চান বিএনপি নেতা
মো.ফজলে রাব্বি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খালের ওপর থাকা ঘাটে দোকান বরাদ্দ পেতে আবেদন করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় বেশ তোলপাড় শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বাজারের পাশে সরকারি খালের উপর ঘাটে দোকান বরাদ্দের আবেদন করেছেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছায়েদুল হক। উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা এক আবেদনে তিনি নিজেকে বয়স্ক, প্রবাস ফেরত অসহায় মানুষ হিসেবে উল্লেখ করেন। এখানে দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আবেদনে লিখেছেন তিনি।
তবে বিএনপির ওই নেতা স্থানীয়ভাবে বেশ ধনাঢ্য ব্যক্তি হিসেবেই পরিচিত। নিজ গ্রাম চিনাইরেই তার তিনতলা একটি বাড়ি রয়েছে। এছাড়া বাজারে আরও একাধিক দোকানভিটা রয়েছে। বেশ স্বাচ্ছন্দেই তিনি চলতে পারেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এদিকে ভূমি অফিস থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরজমিনে গিয়ে উল্লিখিত দাগের ভূমি খাল হিসেবে আছে। আবেদনকারীর দোকানভিটির স্থানটি বর্তমানে খালি অবস্থায় খালের পশ্চিম পাড়ে চিনাইর টু চাপুইর সরকারি রাস্তা সংলগ্ন পূর্ব পাশে পাকা ঘাটলা হিসেবে নেট দিয়ে তালাবদ্ধ হিসেবে আছে। আবেদিত অংশটি পেরিফেরিভুক্ত নয়। আবেদনকারী মাছিহাতা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং প্রকৃত ব্যবসায়ী। আবেদনকারী একজন বয়স্ক এবং প্রবাস ফেরত অসহায় মানুষ। আবেদনকারী পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের স্বার্থে সরকারি ১নং খাস খাতিয়ানভুক্ত উল্লিখিত দাগে বন্দোবস্ত প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
মাছিহাতা ইউনিয়নের আটলা ভূমি অফিসের নায়েব মো. আবুল খায়ের এ বিষয়ে বলেন, আবেদন অনুযায়ী তদন্ত প্রতিবেদন আমরা জমা দিয়েছি।
এই বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাছিহাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছায়েদুল হক বলেন, খালের পাড়ের ঘাটটি পরিত্যক্ত। কোনো কাজে আসছে না। তাই এখানে দোকান করার জন্য আবেদন করেছি। আর অসহায় বলতে এই দুনিয়ার সবাই অসহায়। এই বাজারে আমার আরও দোকান আছে। আমি সব প্রক্রিয়া অনুসরণ করেই আবেদন করেছি।
