আওয়ামী লীগ আমাদের শত্রু নয়-মিত্র: নাছির চৌধুরী এমপি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে আমরা যুদ্ধ করেছি, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। সময় আসছে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দেবে। এছাড়া তাদের আর কোনো পথ নেই।
বৃহস্পতিবার দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নাছির চৌধুরী বলেন, ৮ তারিখ বিএনপির নামে যারা সমাবেশের ডাক দিয়েছেন- তারা বিএনপিতে বিভক্তি আনতে চান। আর যারা দ্বিধাদ্বন্দ্ব চান না তারাই আজ সমাবেশে যোগ দিয়েছেন।
নাছির চৌধুরী বলেন, আমার কোরো ভাই নেই, আমি একা। আপনারা আমার ভাই- আপনাদের নিয়েই আমার চলা।
তিনি আরও বলেন, আমার বাসা ছিল, সবই লুট হয় গেছে। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। আমি বাহিরে থেকে আপনাদের নিয়েই নির্বাচন করেছি, আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই।
তিনি বলেন, আমার নাকি হাত-পা নেই লুলা, কী কাজ করব, হ্যাঁ আমি লুলা তবে আমি দুর্নীতি করি না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেই না।
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- নাছির চৌধুরীর সহধর্মিণী পারভিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম,জুনেদ মিয়া, মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপির তৃণমূল নেতাকর্মী।
