চোরের আঙুল কামড়ে ছিঁড়ে রাখলেন গৃহবধূ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
রাজাপুর থানা
|
ফলো করুন |
|
|---|---|
রাজাপুরে বসতঘরে ঢোকা এক চোরের হাতের আঙুল কামড়ে ছিঁড়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী ঝুমুর বেগম। তবে পালিয়ে যাওয়ার সময় চোর পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মঠবাড়ি ইউনিয়নের ডহসংকরে সৌদি প্রবাসী জুয়েল খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঝুমুর বেগম একা ঘুমিয়ে ছিলেন। এ সময় চোর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরলে আত্মরক্ষার জন্য তিনি চোরের হাতের একটি আঙুল কামড়ে ধরেন। আঙুল ছাড়াতে চোর তার মুখে আঘাত করলেও আঙুলের একটি অংশ ছিঁড়ে যায়। প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় চোর। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
বুধবার সকালে গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
