খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের কোমরে
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগর এলাকায় এক যুবককে খুঁজতে বাড়িতে ঢুকে তার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবকের মায়ের ডান কোমরে বিদ্ধ হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারীর নাম শিমুল। তার স্বামী মুকুল খুলনা নিউমার্কেটের একজন মোবাইল ব্যবসায়ী।
ঘটনার পর শিমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করে গুলিটি শরীরের ভেতরে রয়েছে কি না, তা শনাক্তের চেষ্টা চলছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, তার ডান কোমরে গুলি লেগেছে।
শিমুলের স্বামী মুকুল জানান, ৮ থেকে ১০ জন ব্যক্তি তাদের বাসায় ঢুকে তার ছেলে হৃদয়ের কথা জানতে চায়। হৃদয় বাসায় নেই বলে জানালে দুর্বৃত্তরা সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুলের ডান কোমরে লাগে। এরপর দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
মুকুল জানান, তার ছেলে হৃদয় খুলনা নিউমার্কেটের মোবাইলের দোকানে তার কাজে সহায়তা করে। পাশাপাশি পড়াশোনাও করে। বর্তমানে সে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল বলেন, ভিকটিমের ছেলের সঙ্গে একটি বিরোধের বিষয় সামনে এসেছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সবকিছু মিলিয়ে দেখছি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে।
