Logo
Logo
×
   

সারাদেশ

রেললাইনের নাট-বল্টু-ফিসপ্লেট বিক্রির চেষ্টা, পিডব্লিউ কর্মচারী আটক

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

রেললাইনের নাট-বল্টু-ফিসপ্লেট বিক্রির চেষ্টা, পিডব্লিউ কর্মচারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের নাট-বল্টু ও ফিসপ্লেট খুলে ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগে হুমায়ুন (৩৫) নামে রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) এক কর্মচারীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে আখাউড়া রেলওয়ে এলাকার মসজিদপাড়ার একটি ভাঙারির দোকানে রেলওয়ের মালামাল বিক্রির চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হুমায়ুন কবীর আখাউড়া রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) একজন ওয়েম্যান হিসেবে কর্মরত। তিনি রেললাইনের কোথাও নাট-বল্টু কিংবা ফিসপ্লেট না থাকলে তা দ্রুত মেরামত করে রেল যোগাযোগ স্বাভাবিক রাখা তার দায়িত্ব থাকলেও তিনি নিজেই রেললাইনের বিভিন্ন অংশ থেকে খুলে নেওয়া নাট-বল্টু ও ফিসপ্লেট ভাঙারির দোকানে বিক্রির জন্য নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় রেলপথের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপকরণ বস্তাবন্দি অবস্থায় জব্দ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আখাউড়া রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) এক প্রকৌশলী জানান, রেলপথের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ খুলে নেওয়া হলে রেললাইন দুর্বল হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

আখাউড়া-সিলেট রেলপথের বিভিন্ন অংশে নাট, বল্টু ও ক্লিপ চুরির ঘটনায় রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি এর আগে গণমাধ্যমে আলোচনায় উঠে আসে জানিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস যুগান্তরকে বলেন, ধৃত রেলওয়ে কর্মচারী হুমায়ুনকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .