মিষ্টি কেনার টাকা দিয়ে সহপাঠীর মায়ের পাশে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই-তিন দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়।
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাশের আনন্দে মিষ্টি না কিনে সেই টাকা ক্যানসারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য তুলে দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা নাঈম সিকদারের বাবা সাত্তার সিকদারের হাতে চিকিৎসা সহায়তার টাকা তুলে দেয়।
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল জানান, শুধু এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই নয়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগে অংশ নেন। সব মিলিয়ে নাঈমের মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা দিয়েছেন ২০ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা দিয়েছেন আরও ২০ হাজার টাকা।
জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই-তিন দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়। ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারটি দুশ্চিন্তায় পড়ে যায়। বিষয়টি জানার পর নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয়, এসএসসি পাশের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের চিকিৎসায় পাশে দাঁড়াবে তারা।
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন বলেন, পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।
কলতান বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নাঈম সিকদার বলেন, মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ দেখে আমি আনন্দে আবেগাপ্লুত হয়েছি। নাঈমের মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।
