পুত্রবধূর সঙ্গে অভিমান, যা করলেন শ্বশুর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান করে চিরকুট লিখে কীটনাশক পানে জসিম উদ্দিন নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন অষ্টগ্রামের বলা গাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। অভাবের সংসারে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পুত্রবধূ মাছুমার সঙ্গে অভিমান করে ভোর ৪টার দিকে স্থানীয় একটি মসজিদের সামনে কীটনাশক পান করেন জসিম উদ্দিন। পরে তিনি মসজিদের বারান্দায় শুয়ে থাকেন। বিষয়টি স্থানীয়রা পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, কীটনাশক পান করার আগে জসিম উদ্দিন একটি চিরকুট লিখে যান। সেখানে লেখা ছিল- ‘আমি হতভাগা, ছেলের বউয়ের জ্বালায় মরিলাম।’
জসিম উদ্দিনের ছেলে হাসান মিয়া অভিযোগ করেন, তার বাবা সহজ-সরল মানুষ ছিলেন। পুত্রবধূর তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ ও তার ওপর অভিমান থেকেই বাবা আত্মহত্যা করেছেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাসান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পুত্রবধূর সঙ্গে অভিমান করে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত পুত্রবধূ পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
