যুগান্তরে সংবাদ প্রকাশের পর বাসস্ট্যান্ডের ময়লার ভাগাড় অপসারণ
Advertisement
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ ওই এলাকায় দুর্গন্ধ ও পরিবেশদূষণ সৃষ্টি হয়েছিল। চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।
জানা যায়, ময়লার ভাগাড়ের পাশেই রয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, টিঅ্যান্ডটি অফিস, একজন বিচারপতির বাড়ি, সাবেক পৌর মেয়রসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীর বাসা। এলাকাটি আবাসিক হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও শত শত পথচারীকেও ময়লার পচা দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হতো।
এ নিয়ে যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ভূঞাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসানের নজরে আসে। পরে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ওই স্থান থেকে ময়লার ভাগাড় সরিয়ে ফেলার উদ্যোগ নেন।
প্রশাসনের দ্রুত পদক্ষেপে অবশেষে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে ময়লার দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ হতে হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে এখন সেখানে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে যাতে ওই স্থানে আবারও ময়লা ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান বলেন, আমি অল্প কয়েকদিন হলো পৌর প্রশাসকের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরই বিষয়টি আমার নজরে আসে। আমি সেখান থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই এবং তা দ্রুত বাস্তবায়ন করি। পৌরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
