মানিকগঞ্জে বিএনপির দুপক্ষে ধাওয়া-পালটাধাওয়া
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দলের অভ্যন্তরীণ বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার এবং পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে পালটাপালটি মিছিল করেছে বিএনপির দুই পক্ষ।
সোমবার (২৪ আগস্ট) মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ও ধাওয়া-পালটাধাওয়ার পরিস্থিতি তৈরি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে চাঁদা আদায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং দলীয় নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র হয়ে সোমবার প্রকাশ্যে রূপ নেয়।
সোমবার দুপুরে বিএনপি মো. বাদল সিকদারের নেতৃত্বে একটি পক্ষ এলাকাবাসীর ব্যানারে মিছিল বের করে। মিছিল থেকে যুবদল নেতা মোল্লা শাহিনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়।
মো. বাদল সিকদার অভিযোগ করে বলেন, উপজেলা যুবদল নেতা শাহিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে আসছেন। বিশেষ করে পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এলাকাবাসী মিছিল করেছে।
অন্যদিকে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের নেতৃত্বে অপর পক্ষও পালটা মিছিল বের করে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দোসরদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মামলা থাকা ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, হরিরামপুর উপজেলায় এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেফতার করতে হবে।
স্থানীয়রা জানান, দুপক্ষের মিছিল মুখোমুখি হলে স্লোগান-পালটা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাওয়া-পালটাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
দলীয় অভ্যন্তরীণ বিরোধের পাশাপাশি বালুমহাল ও বাল্কহেডকেন্দ্রিক চাঁদা আদায়ের অভিযোগ ঘিরে হরিরামপুরে বিএনপির স্থানীয় রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়েছে, সোমবারের পালটাপালটি মিছিল তারই প্রকাশ্য বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।
হরিরামপুর থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে চলে গেছে।

