এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি তমাল গ্রেফতার
Advertisement
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম
তমাল সরকার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তমাল সরকার উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
ওসি জানান, হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তমাল সরকারকে গ্রেফতার করা হয়।
এর আগে ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা থেকে বের হওয়ার সময় এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে ও হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা দুই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় বর্তমানে চারজন আসামি আগাম জামিনে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
এদিকে, সোমবার দুপুরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
