Logo
Logo
×
   

সারাদেশ

সালথায় কৃষক লীগ নেতা গ্রেফতার

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

সালথায় কৃষক লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার কৃষক লীগ নেতা মো. আমিন খন্দকার (৪৫)। ফাইল ছবি

ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মো. আমিন খন্দকার (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আমিন খন্দকার উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, আজ সকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেতা আমিন খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকালে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাসের সঙ্গে মিশরু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকালে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি হামলা হয়। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। 

সংঘর্ষের পর পাল্টাপাল্টি হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত ৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম