দিনাজপুরে শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নির্বাচন স্থগিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরে মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে সড়ক অবরোধ ও থানা ঘেরাওকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়েছেন শ্রমিকরা। এর একটি পক্ষ গ্রেফতার হওয়া শ্রমিক নেতা শেখ বাদশার পক্ষে। আরেকটি পক্ষ শ্রমিক নেতা মো. হিরুর পক্ষে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কোতোয়ালি থানার সামনে দুইপক্ষের মধ্যে ধাওয়া পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচির পাশাপাশি শহরের কালিতলা এলাকায় কোতোয়ালি থানার সামনে বাস রেখে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ অবস্থা চলাকালে দুপুর ১২টায় শ্রমিকদের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন শ্রমিক আহত হন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করা শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, ‘যিনি গ্রেফতার হয়েছেন তিনি শ্রমিক লীগের নেতা ছিলেন। তার নামে মামলা হয়েছে। পুলিশ স্বাভাবিক নিয়মে আসামি গ্রেফতার করেছে। অথচ কিছু নামধারী শ্রমিক থানায় মব সৃষ্টির চেষ্টা করছে। যারা আজকে মার খেয়েছে তারা শ্রমিক দলের সঙ্গে যুক্ত। তবে মূলত শ্রমিকদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব। বিএনপি কিংবা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এখানে জড়ানোর সুযোগ নেই।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, আমরা সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছি।
এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল বলেন, ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র বিক্রির কথা ছিল; কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরে মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পাশাপাশি দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুর শহরের বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করেন তারা। এতে শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশা নামের ওই শ্রমিক নেতার নামে থানায় মামলা আছে। তিনি এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে। তার সমর্থকরা মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
