নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
Advertisement
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন।
এর কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে লেগুনার ধাক্কায় শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হন। পৃথক দুই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, রাতে হারাধন চন্দ্র দত্ত সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম রেজা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
অন্যদিকে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকাগামী লেনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনা চালকের বাম পাশে বসা যাত্রী শাহাদাত হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হন।
দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনাটি উদ্ধার করে।
