Logo
Logo
×
   

সারাদেশ

পালাতে গিয়ে খাদে মাদকবাহী গাড়ি, ২৫২ কেজি গাঁজা উদ্ধার

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

পালাতে গিয়ে খাদে মাদকবাহী গাড়ি, ২৫২ কেজি গাঁজা উদ্ধার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে মাদকবাহী একটি গাড়ি খাদে পড়ে আছে। ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাদকবাহী একটি গাড়ি খাদে পড়েছে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পাচারকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে কসবা থানা পুলিশ। 

সকাল ৬টার দিকে সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে একটি মাদকবাহী গাড়ি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা রাস্তার পাশ থেকে দুর্ঘটনাকবলিত কালো রঙের টিআরএক্স গাড়িটি উদ্ধার করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৫২ কেজি। 

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম