Logo
Logo
×
   

সারাদেশ

বাবাদের উপহারের বিলাসবহুল গাড়ি নিয়ে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা ছেলেরা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

বাবাদের উপহারের বিলাসবহুল গাড়ি নিয়ে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা ছেলেরা

কক্সবাজারের পাঁচতারকা হোটেল থেকে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ। ছবি: যুগান্তর

কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলের পার্কিং থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বৈধ আমদানি ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় গাড়িগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দারা জানান, ‘ইউজড কার পার্টস’ ঘোষণা দিয়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে পরে সেগুলো সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরির মাধ্যমে শুল্ক ফাঁকির কৌশলের তথ্য পেয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে তিনটি গাড়ির সন্ধান পাওয়া যায়।

শুক্রবার কক্সবাজারে সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, জব্দ গাড়িগুলো জাপানি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। তবে এগুলোর মডেল, সিসি ও প্রকৃত মূল্য তদন্তের পর নির্ধারণ করা হবে।

তিনি বলেন, দুটি গাড়িতে নম্বর প্লেট ছিল না। সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িগুলো ‘রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন’ বলে দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেন, গাড়িগুলো তারা তাদের বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। তবে এই দাবির সত্যতা নথিপত্র যাচাই করে দেখা হবে বলে জানান শুল্ক গোয়েন্দার কর্মকর্তা। 

শুল্ক গোয়েন্দারা জানান, গাড়িগুলো কিভাবে দেশে এসেছে, কোথায় সংযোজন করা হয়েছে এবং আমদানি প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কিনা, তা তদন্ত করা হবে। চোরাচালানের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক প্রণয় চাকমা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম