Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রংপুরে চার খুন

সব প্রশ্নের জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব:আরপিএমপি কমিশনার

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

সব প্রশ্নের জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব:আরপিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

Advertisement

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মাহবুবুর রশীদ বলেছেন, চার খুনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নবাগত পুলিশ কমিশনার বলেন, তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলোর পেশাদারত্বের সঙ্গে জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। 

তিনি বলেন, চাঞ্চল্যকর এই মামলা নিয়ে সারা দেশে নানান রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে যথাযথ জবাবদিহির মাধ্যমে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করাই আমাদের লক্ষ্য। 

আসামি সিদ্ধার্থ দাসের পরিবারের অভিযোগ, গণপতি চক্রবর্তীর বাসার ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, আমিও আপনাদের মতো শুনেছি। আমি রংপুরে গতকাল যোগদান করেছি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নেই। এটা ক্রাইমসিন, সেটাকে সংগ্রহ করা আছে। 

আরপিএমপি কমিশনার আরও বলেন, এ ধরনের ঘটনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। নতুন কোনো ক্লু এলে জানাবেন, আমরা তদন্ত করব। এটা পুলিশের কাজ, তবে সবার কাছ থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন।

মাহবুবুর রশীদ বলেন, মাদক শুধু রংপুরের সমস্যা নয়, এটা দেশের সমস্যা। এই মুহূর্তে এটা সামাজিক সমস্যা। আমি আজ সকালে আমার কর্মকর্তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি এবং তাদের সময় দিয়েছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন।

বর্তমানে আলোচিত এ মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা শাখায় (ডিবি) দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি জিনাত আলী এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম