বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজিত প্রার্থীর হার্ট-অ্যাটাকে মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল অনুকূলে না আসার কষ্টে তেরা মিয়া (৭০) নামে এক পরাজিত প্রার্থীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট-অ্যাটাক) হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মুত্যুবরণ করেন। মারা যাওয়া তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২৯ আগস্ট শনিবার উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে কিছুটা ব্যথা অনুভব করছিলেন। রোববার সকাল ৮টায় যখন বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন তখন বাড়ি থেকে বের হওয়ার পর ব্যথা বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত তেরা মিয়ার নাতি ইসলাম মিয়া বলেন, রোববার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বের হলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। পরে আমরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হার্ট-অ্যাটাক করেছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
