সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বেধড়ক মারপিট
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক ওসমান গণিকে বেধড়ক মারপিট এবং চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওসমান গণিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই সাংবাদিকের ভাই বাদী হয়ে মামলা করলে রোববার বিকালে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- পূর্ব দ্বারিয়াপুর গ্রামের শাহাদত হোসেনে ছেলে বাদশা, একই গ্রামের আ. মান্নানের ছেলে মহাসিন। আহত সাংবাদিক স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মহেশপুর প্রতিনিধি ও মহেশপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক।
জানা গেছে, সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ওসমান গণি সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাকে লোহার রড ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে প্রত্যক্ষদর্শীরা ওসমান গণিকে উদ্ধার মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার রাতে সাংবাদিকের ভাই বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সাংবাদিককে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকালে মামলার ২ ও ৩নং আসামিকে গ্রেফতার করা হয়েছে।
