কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মো. রাজু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু ওই এলাকার মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চুরির উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন— এমন সন্দেহে স্থানীয়রা রাজুকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে সকাল ৬টার দিকে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যান।
পরে হাসপাতালের আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজুকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, প্রথমে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়ভাবে তাকে চোর বলা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
