পার্বত্যমন্ত্রী রাজপুত্রকে বান্দরবানে রাজকীয় বরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বরণ করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে নির্বাচনি এলাকা বান্দরবান পৌঁছান তিনি।
মোটরসাইকেল ও গাড়িবহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার প্রবেশমুখ হলুদিয়া থেকে বরণ করে নিয়ে আসেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কের দুইপাশে দাঁড়িয়ে মন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ। এদিকে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্মাণ করা হয় শতাধিক তোরণ।
পরে শহরের প্রেস ক্লাবের সামনে গণসংবর্ধনা সভা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সম্প্রীতির জেলা বান্দরবান, এটি বলাটা সহজ; শান্তি সম্প্রীতি রক্ষায় আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পার্বত্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রীয় পলিসি ও দিকনির্দেশনা অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে শান্তি সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই পার্বত্যবাসীর কল্যাণে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এগিয়ে যাবে পার্বত্য জেলাগুলোও।
সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল মাবুদ, সাশৈপ্রু, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান, বিএনপি নেতা সাবিকুর রহমান জুয়েল, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন জিকু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গণসংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং চৌত্রিশটি ইউনিয়ন থেকে পাহাড়ি বাঙালি বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সভাস্থলে। সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় পাহাড়ি বাঙালির মিলনমেলায়।
